চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খাস জমির দখল নিয়ে বিবাদমান দুপক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত: ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৮ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(২৬ জুলাই) সকাল ১১টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের চরই বিল এলাকার প্রায় ২০ বিঘা জমি নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় যে পক্ষ আগে থেকে জমির দখল নিয়ে চাষাবাদ করছিল তাঁরা নতুন করে দখল নিয়ে হাল দিতে আসা পক্ষকে বাধা দেয়। এসময় দেশি অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
সংম্লিস্ট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, জমিটি মূলত: হিন্দু সম্পত্তি। আগের পক্ষ জমিটি সরকারের নিকট থেকে বন্দবোস্ত নিয়ে চাষাবাদ করছিল। সরকার পরিবর্তনের পর নতুন পক্ষ জমিটি বন্দোবস্ত নেয় এবং দখল নিতে গেলে সংঘর্ষ বাধে।
সংম্লিস্ট ৩ নং ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, সংঘর্ষে আহতের মধ্যে আগের পক্ষের লোকজনই বেশি। তার মধ্যে নেতৃত্ব দেয়া সন্তোষপুরের জেম মিয়া,ফজলু, রহিম, নেজামুল সহ আরও কয়েকজন রয়েছেন। অপরদিকে নতুন পক্ষে রহনপুরের পালানু সহ কয়েকজন নেতৃত্ব দিচ্ছেন বলে শোনা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিক থেকে সংঘর্ষের রোগি আসা শুরু হয়। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ওই খাস জমি জমি নিয়ে দুপক্ষের পূর্ব বিরোধ ছিল। রবিবার তা সংঘর্ষে রুপ নেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনও কোন পক্ষ থানায় কোন অভিযোগ করেন নি বলেও জানান ওসি।
তথ্য সহায়তা- গোমস্তাপুর থানার এসআই রুহুল আমীন ও আকরাম হোসাইন, সংশ্লিস্ট ১ নং ইউপি সদস্য এনমুল হক।