রবিবার, জুলাই ২৬, ২০২৬

ডুমুরিয়ায় সরকারি গাছ কেটে বিক্রি করলেন স্কুল কর্মচারী: প্রশাসনের নিরবতায় এলাকার জনমনে ক্ষোভ

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-০৭-২৬ ১৫:২৫:০৬

ডুমুরিয়া প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় সরকারি এলজিইডি (LGED) রাস্তার পাশ থেকে অবৈধভাবে মূল্যবান একটি রেনট্রি (শিরিশ) গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
গত শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামের মাদ্রাসা-মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রকাশ্যে গাছটি কেটে নেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আরশাব আলী সরদার। তিনি গোনালী গ্রামের মৃত আফতাব সরকারের ছেলে এবং স্থানীয় টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, তিনি পদের ও ক্ষমতার প্রভাব খাটিয়ে এলজিইডির সরকারি রাস্তার পাশের গাছটি নিজের দাবি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে থাকা বিশালাকৃতির রেনট্রি গাছটি কেটে টুকরো টুকরো করে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান বাজারে গাছটির আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। সরকারি সম্পদ হওয়ায় আইনি জটিলতার ভয়ে এতদিন গ্রামের কেউ গাছটিতে হাত দেওয়ার সাহস পাননি। কিন্তু আরশাব আলী প্রশাসনিক বা আইনি তোয়াক্কা না করে সুকৌশলে অনৈতিকভাবে গাছটি বিক্রি করেন। সরকারি সম্পদ প্রকাশ্যে কেটে নেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নিরবতায় এলাকা জুড়ে তীব্র সমালোচনা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরশাব আলী সরদার গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, "গাছটি আমার বাড়ির সীমানায় এবং আমাদেরই লাগানো। পারিবারিক প্রয়োজনে টাকার খুব দরকার হওয়ায় আমি গাছটি বিক্রি করেছি।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা লিয়াকাত আলী জানান, "গাছটি সরকারি জমির ওপর রয়েছে—প্রাথমিকভাবে আমরা এ সত্যতা পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য ইতোমধ্যে দুজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকারের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহল অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।


এ জাতীয় আরো খবর