ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সোনারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মজিদের ছেলে সজীব এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে শাহিদুল ইসলাম শহিদুল।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।