চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ রসুল মিয়া(৪২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের শাবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
শুক্রবার(২৪জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে(২৪ জুলাই) গোপন খবরের ভিত্তিতে রসুল মিয়ার বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ওইসব মাদক উদ্ধার সহ রসুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের মূল্য ৩০ লক্ষ টাকা ও ইয়াবার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলেও জানান তিনি।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।