শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

সাংবাদিক পরিচয় নির্ধারণে শক্তিশালী কর্তৃপক্ষ প্রয়োজন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৭-২৩ ১৭:২১:৪০
ছবি: সংগৃহীত।

দেশে কে প্রকৃত সাংবাদিক আর কে নন, তা নির্ধারণে একটি কার্যকর ও যথাযথ কর্তৃপক্ষ থাকা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিকতার পেশাগত মান, জবাবদিহি এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় এ বিষয়ে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে প্রজ্ঞা, দূরদর্শিতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মানসিকতা থাকতে হবে।
তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্ত এমন হওয়া উচিত, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে প্রতিটি নাগরিকের প্রতি সমান দায়িত্ববোধ নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ও বহুমতের ক্ষেত্র। এখানে ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং নানা চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করাই গণতান্ত্রিক চর্চার অন্যতম ভিত্তি। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, জটিল ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, এ মন্ত্রণালয়ের কোনো ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক বিবেচনার পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও দূরদর্শিতার ওপরই কমিটির সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক, অ্যাক্রিডিটেশন, গণমাধ্যম


এ জাতীয় আরো খবর