চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা মহানন্দা নদীতে গত সোমবার (২০ জুলাই) ডুবে নিখোঁজ শিশু মো. আবদুল্লাহর (৯) মরদেহ ২৩ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার(২১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মহানন্দা নদীর তড়পা ঘাট এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করে। ফায়ার সার্ভিস মরদেহ নৌ-পুলিশকে হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর পশ্চিমপাড়া মহল্লার মো. সাহাবুলের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর দেড়টার দিকে শহরের ৭ নং ওয়ার্ডে মহানন্দা নদীর রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ^াসের ঘাটে মামার সাথে গোসলে নামে আবদুল্লাহ। এ সময় মামা নদীর গভীরে গেলে কম পানিতে থাকা আবদুল্লাহ একটি গর্তে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে তার মামা ও স্থানীয়রা আবদুল্লাহকে খোঁজ শুরু করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল ৪টার দিক থেকে নদীতে খোঁজ শুরু করে। কিন্তু তাঁরা সন্ধ্যা পর্যন্ত সন্ধানের পর অভিযান স্থগিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, মঙ্গলবার সকালে ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়। পরে মরদেহটি ভেসে ওঠে।
চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।