চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা মহানন্দা নদীতে ডুবে মো. আবদুল্লাহ (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে শহরের রাজারামপুর পশ্চিমপাড়া মহল্লার মো. সাহাবুলের ছেলে এবং স্থানীয় প্রথমিক বিদ্যালয়ের ছাত্র। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের ৭ নং ওয়ার্ডে মহানন্দা নদীর মালোপাড়া পিয়ার বিশ^াসের ঘাটে মামার সাথে গোসলে নামে আবদুল্লাহ। এ সময় মামা নদীর গভীরে গেলে কম পানিতে থাকা আবদুল্লাহ একটি গর্তে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে তার মামা ও স্থানীয়রা আবদুল্লাহকে খোঁজ শুরু করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকাল ৪টার দিক থেকে নদীতে খোঁজ শুরু করে। কিন্তু তাঁরা সন্ধ্যা পর্যন্ত সন্ধানের পর অভিযান স্থগিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, অন্ধকার হয়ে যাওয়ায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার(২১জুলাই) সকাল থেকে পূনরায় শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হবে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত শিশুটির কোন খোঁজ পাওয়া যায় নি। স্থানীয়ভাবে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।