চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক এনজিও কর্মী কর্তৃক ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসীর সহায়তায় ওই এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। আটক এনজিও কর্মী হলেন পিরোজপুর জেলার সদর উপজেলার শাড়িকতলা কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরীতলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (২৩)। রাকিবুল স্থানীয় রিক নামের একটি এনজিও’র মাঠকর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার(২০জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এনজিও’র কিস্তির টাকা তুলতে গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি এলাকার ওই মেয়ের বাড়িতে যান এনজিও কর্মী রাকিবুল। এ সময় একা পেয়ে মেয়েটিকে তার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন রাকিব। এ সময় মেয়েটির চিৎকারে তিনি পালিয়ে অফিসে আশ্রয় নেন। ইতিমধ্যে মেয়ের মা বাইরে থেকে বাড়িতে এসে ঘটনাটি জানতে পারেন। এরই মধ্যে ঘটনাটি প্রতিবেশীরাও জেনে যায়। তাঁরা দ্রুত এনজিও অফিস ঘেরাও করে রাকিবুলকে সেখানে আটক করে রাখেন।
এদিকে পুলিশ ঘটনার খবর পেয়ে দুপুরে ওই এনজিও অফিস থেকে রাকিবুলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকালে ওই শিশু ও তাঁর মা থানায় এসে ঘটনার অভিযোগ দেন। মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পওায়া গেছে। শিশুটিকে উদ্ধার ও আসামীকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মামলা রেকর্ড, আদালতে মেয়েটির ২২ ধারায় জবানবন্দী রেকর্ড ও ডাক্তারী পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।