সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি এবং জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় গত মাসের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন জেলা আইসিটি কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত দত্ত, সদর উপজেলা প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক।
সভায় অনলাইনে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা, অপতথ্য ও গুজব প্রতিরোধ, সাইবার অপরাধসংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ মতামত গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, এআই-সৃষ্ট তথ্য ও কনটেন্ট শনাক্তকরণ, জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের রোবটিকস কর্নার ও ১২০টি আইসিটি ল্যাবের কার্যক্রম তদারকি, শিক্ষার্থীদের ল্যাব ব্যবহারের সুযোগ বৃদ্ধি এবং উদ্ভাবনী ধারণা সংরক্ষণ ও মূল্যায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।সভা দুটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম।