সাতক্ষীরা: সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করে। মাদরা বিওপির আভিযানিক দল ভাদিয়ালি এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর এলাকা থেকে ২ লাখ ২১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান দেশের রাজস্ব আয়ের ক্ষতি করার পাশাপাশি দেশীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।