মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো,অবহেলার অভিযোগে সাত কর্মকর্তা বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৭-১৮ ১১:১৬:৪৪

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাত কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কঠোর নিরাপত্তাবেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ওই বন্দি পালাতে সক্ষম হয়েছেন, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের নজরদারির ফাঁক গলে রিম্পা নামে ২১ বছর বয়সী এক বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।
তদন্তে জানা গেছে, রিম্পা কারা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানাপ্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে নজরদারি চিত্র বিশ্লেষণ করে বন্দি পালানোর ঘটনা নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।
পলাতক রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। তিনি ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজা ভোগ করছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক বন্দিকে আটক এবং ঘটনার সঙ্গে জড়িতদের দায় নির্ধারণে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

কারাগার, বন্দি, বরখাস্ত


এ জাতীয় আরো খবর