ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আর্থিক সহায়তা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প রাজধানী কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে। এতে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী ভূমিকম্পে ৫ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই উপকূলীয় এলাকার বাসিন্দা। এ ছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। তাঁদের অধিকাংশ চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার নেওয়া হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি মানবিক চাহিদা মোকাবিলায় ভেনেজুয়েলাকে সংস্থায় সংরক্ষিত নিজস্ব অর্থ ব্যবহারের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করেছে আইএমএফ। অর্থটি দেশটির সংরক্ষিত তহবিল থেকে নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে প্রায় ২০ হাজার মানুষ এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের অনেকগুলোতেই নিরাপদ পানীয় জল ও প্রয়োজনীয় পয়োনিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত নয়।
বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভেনেজুয়েলার প্রায় ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন বিশেষ উত্তোলন অধিকার সংরক্ষিত রয়েছে, যার মূল্য প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। তবে নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এতদিন এই অর্থ ব্যবহারে জটিলতা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মাদুরো ক্ষমতাচ্যুত হলে গত এপ্রিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। ২০১৯ সাল থেকে দেশটির সঙ্গে সংস্থা দুটির আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত ছিল।
ভেনেজুয়েলা, ভূমিকম্প, সহায়তা