জাতীয় যুব দিবস উদযাপনের পুরোনো নিয়ম পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছরের '১ নভেম্বর জাতীয় যুব দিবস' এবং '১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস' পৃথকভাবে পালিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৩তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুই দিবস একত্র করে ১২ আগস্ট পালনের ব্যবস্থা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে ২০২৫ সালে প্রথমবার একই দিনে দুটি দিবস উদযাপিত হয়।
সরকারের পর্যবেক্ষণে দেখা গেছে, বর্ষা মৌসুমে একসঙ্গে দুই দিবস পালন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি কাঙ্ক্ষিতভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে বিশেষ করে যুব উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখে পড়েন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাড়া পাওয়া যায় না। পাশাপাশি জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার অংশগ্রহণে পালিত হয়ে থাকে।
এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা দুই দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে আগামীতে '১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস' এবং '১ নভেম্বর জাতীয় যুব দিবস' নিজ নিজ তারিখে পালিত হবে।
জাতীয় যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস, মন্ত্রিসভা