বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতোই ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করলে জাতি উপকৃত হবে।
আজ সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি সাম্প্রতিক সময়ে সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করেছে। সেই ঐক্যের শক্তিকে দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং পরিবেশ রক্ষার কাজে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
পরিবেশ সংরক্ষণকে সবার দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু সরকারের বা সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
সাগরদী খালের পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, খালে প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। উপস্থিত জনসাধারণকে তিনি অনুরোধ করেন, খালের পাড়ে থাকা ময়লার পাত্র ব্যবহার করতে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে।
সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খালে যেন বাসাবাড়ির ড্রেনেজ বা পয়োনিষ্কাশনের সংযোগ না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এতে পানি দূষণ কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মানুষ যদি নিজের ঘর যেমন পরিষ্কার রাখে, তেমনি নিজের এলাকা ও দেশকেও পরিচ্ছন্ন রাখে, তাহলে দেশের সৌন্দর্য ও পরিবেশ দুটোই রক্ষা পাবে। অন্য দেশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আফসোস না করে নিজের দেশকে সুন্দর রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। পরে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
তারেক রহমান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ