বুধবার, জুলাই ১৫, ২০২৬

উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর,‘এখনই নতুন স্বপ্ন বাস্তবায়নের সময়’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-১৪ ২৩:০৩:৪৪
ছবি: সংগৃহীত।

নতুন উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবনী উদ্যোগের পথ সহজ নয়, তবে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন সম্ভব। তিনি আশ্বাস দিয়ে বলেন, তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা, দিকনির্দেশনা ও সহায়তায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, এখনই কাজ করার উপযুক্ত সময়। যারা নতুনভাবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সামনে নানা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সেই বাধা অতিক্রম করা সম্ভব। সরকার তাদের সক্ষমতা বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের উদ্যোক্তারাই আগামী দিনের অর্থনীতি, কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশের চালিকাশক্তি হয়ে উঠবেন।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, একসময় তিনি ব্যবসা শুরু করেছিলেন। তবে পরে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বুঝতে পারেন, দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব নয়। তাই তিনি রাজনীতিকেই জীবনের পথ হিসেবে বেছে নেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে তাকে কঠিন সময় ও নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। দীর্ঘ ধৈর্য, সংগ্রাম এবং আল্লাহর রহমতেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তরুণ উদ্যোক্তাদের প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছাড়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন কর্মসূচি দেখে তিনি নতুন প্রজন্মের সক্ষমতা সম্পর্কে আরও আশাবাদী হয়েছেন। আজকের অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজ দেখে সেই আত্মবিশ্বাস আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং সফল উদ্যোক্তারা অংশ নেন। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন শিক্ষাবিদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রী আইসিটি বিভাগের উদ্যোগে 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম' উদ্বোধন করেন, যা তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য, যোগাযোগ ও সহায়তা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি স্টার্টআপ উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচিত ছয়টি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জামদানি নিয়ে কাজ করা একটি নারী উদ্যোক্তার আবেদন শুনে তাৎক্ষণিকভাবে তাকে বিশেষ অনুদান প্রদান করেন।
পরে তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
সরকারের নির্বাচনী অগ্রাধিকারের কথা উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্টার্টআপ, উদ্যোক্তা, তারেক রহমান


এ জাতীয় আরো খবর