রবিবার, জুলাই ১৯, ২০২৬

ইরানের পাল্টা হামলার দাবি, কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-১৮ ১০:১৪:১০
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, কুয়েতের আল-আদিরি সামরিক শিবিরের গোলাবারুদ সংরক্ষণাগার, আলি আল-সালেম বিমানঘাঁটির সদর দপ্তর, গোলাবারুদ মজুতকেন্দ্র এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম বার্তায় দাবি করা হয়, জর্ডানের আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকও হামলার লক্ষ্যবস্তু ছিল।
অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার কার্যক্রম চালাচ্ছে। এ কারণে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ইরান, কুয়েত, হামলা


এ জাতীয় আরো খবর