শনিবার, জুলাই ১৮, ২০২৬

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ১১

  • শিলা আক্তার
  • ২০২৬-০৭-১৭ ১৮:৩৭:০৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ ঘন্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১১ জন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার চাকলেশ্বর-থলপাড়া, বুধিরপাড়া, কোদালিয়া ও কাটরা গ্রামে এই ঘটনা ঘটে। 
প্রথম দুর্ঘটনাটি ঘটে উপজেলার চাকলেশ্বর-থলপাড়া এলাকায়। গাজীপুরের ভাওয়াল থেকে বৃহস্পতিবার ৪০ জনের একদল গার্মেন্টস কর্মী, বাস ও ইটভাটার শ্রমিক নৌকা ভ্রমণে বের হয়। ফেরার পথে রাত ৮টার দিকে নৌকাটি ওই এলাকায় পৌছে। এসময় নৌকাটি ওই এলাকা দিয়ে প্রবাহিত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় আহত হয় ৪ জন। 
নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল(১৮) এবং নিলফামাড়ি সদর উপজেলার আজাহার আলীর ছেলে সাজ্জাদ(৩১)।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং আহতদের কুমুদিনী  হাসপাতালে পাঠায়। 
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের বুধিরপাড়া বিলে। ওই বিলে নৌকাযোগে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সুশান্ত রাজবংশী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা আরও সাতজন আহত হন। সুশান্ত উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়ার সুজন রাজবংশীর ছেলে।
জানা যায় বৃহস্পতিবার রাতে নৌকা যোগে সুশান্ত তার সহযোগীদের নিয়ে ওই বিলে মাছ ধরতে যায়। এসময় হেলে থাকা বিদ্যুতের খুটির নিচু তারে নৌকা আটকে গেলে বিদ্যুতায়িত হয়ে সকলেই ছিটকে পানিতে পড়ে যায়। সকলেই তীরে উঠতে পারলেও সুশান্ত নিখোঁজ হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ২ ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে সুশান্তর লাশ উদ্ধার করে।
এদিকে শুক্রবার সকাল ৭টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৭০) বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্র জানায়, রুস্তম আলী সকালে বাড়ির পাশের খালে পাট জাগ দিতে যান। প্রথম দফায় এক বোঝা পাট জাগ দিয়ে দ্বিতীয়বার আবার আরেক বোঝা পাট নিয়ে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুজতে বের হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুড়ি দল গিয়ে ৪৫ মিনিট চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
অপরদিকে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা লৌহজং নদীতে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লা (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক নাইমুল হক।
মির্জাপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, ডুবুড়ি দল চেষ্টা চালিয়ে বুধিরপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
 


এ জাতীয় আরো খবর