শনিবার, জুলাই ১৮, ২০২৬

৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ,স্থানীয় নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতি জোরদার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৭-১৭ ১৮:৫৫:৫৪

ভোটার তালিকায় এখনো নাম অন্তর্ভুক্ত করতে না পারা যোগ্য নাগরিকদের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই অথবা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো বাংলাদেশি নাগরিক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে না কিংবা তথ্যে কোনো ভুল থাকবে, তারা ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে নাম অন্তর্ভুক্তি অথবা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি ও সংশোধন নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরে আপত্তি নিষ্পত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

ভোটার, নির্বাচন, ইসি


এ জাতীয় আরো খবর