শনিবার, জুলাই ১৮, ২০২৬

বন্যার্তদের সহায়তায় ২৪ জুলাই রুনা লায়লার বিশেষ আয়োজন,দেবে রাষ্ট্রীয় সম্মাননা শিল্পকলা একাডেমি

  • বিনোদন ডেস্ক
  • ২০২৬-০৭-১৭ ১৮:৪৫:২১
ফাইল ছবি

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিতে এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বন্যার্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠান আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
এর আগে ১৮ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা থাকলেও সময়সূচিতে পরিবর্তন এনে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানের শুরুতে রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। এরপর তিনি পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, রুনা লায়লা শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম। দীর্ঘ শিল্পীজীবনে তিনি অসামান্য শিল্পসাধনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর গান বিনোদনের গণ্ডি পেরিয়ে মানবিকতা, ভালোবাসা, দেশপ্রেম ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।
একাডেমির মতে, জাতীয় সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখা গুণীজনদের সম্মানিত করা মানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্মৃতিকে শ্রদ্ধা জানানো। সেই ভাবনা থেকেই রুনা লায়লার শিল্পসাধনাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

রুনা লায়লা,শিল্পকলা,সম্মাননা

 


এ জাতীয় আরো খবর