মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক বৃত্তি পেল ৮৯ শিক্ষার্থী

  • নাজমুল হাসান :
  • ২০২৬-০৭-১৩ ১৬:৪৭:০৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঢাকার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ৮৯ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের এমন গৌরবময় অর্জনে বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে এখন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
​পরীক্ষায় অনন্য এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। একে অপরকে মিষ্টি খাইয়ে এবং করতালি দিয়ে এই সাফল্য উদ্‌যাপন করেন তারা।
​সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আবদুল মাননান শিক্ষার্থীদের এই অসাধারণ ফলাফলে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন:​"শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জন আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন। কঠোর অধ্যবসায় এবং সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমেই এই সাফল্য এসেছে। আমি সফল সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীকে আন্তরিক অভিনন্দন জানাই।"
​একই সাথে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও শিক্ষকমণ্ডলী অনন্য এই অর্জনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আন্তরিক শুভকামনা ও আশীবার্দ জানিয়েছেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা জানান, শিক্ষার্থীদের নিয়মিত গাইডলাইন, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই রেকর্ডসংখ্যক বৃত্তি পাওয়া সম্ভব হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ জাতীয় আরো খবর