মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

উদ্ধারকাজ চলাকালেই ভয়াবহ ট্রাকের ধাক্কা,মেক্সিকোয় নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-১৩ ১৩:৪৯:১১

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে সড়কে চলমান উদ্ধারকাজের মধ্যে নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক একাধিক যানবাহনের ওপর উঠে গেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের অবস্থা গুরুতর।
রোববার জালিস্কো ও নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, একই স্থানে এর আগে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের পর উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ চলছিল। ওই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা যানবাহনের সারিতে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় আরেকটি পণ্যবাহী ট্রাক। এতে মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর দুটি পণ্যবাহী ট্রাক এবং আরও তিনটি যানবাহনে আগুন ধরে যায়। আগুনে ন্যাশনাল গার্ডের একটি টহলযানও ক্ষতিগ্রস্ত হয়।
জালিস্কো সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে দুইজন শিশু। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই সদস্য ছাড়াও যুক্তরাষ্ট্রের চার নাগরিক রয়েছেন। তাদের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর বলে জানানো হয়েছে।
নায়ারিত সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ চালান।
মেক্সিকোতে অতিরিক্ত গতি, ভারী যানবাহনের চাপ এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনাও দেশটির মহাসড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মেক্সিকো, সড়ক দুর্ঘটনা, ট্রাক


এ জাতীয় আরো খবর