ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে দেশটির সরকারি বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ একটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শনিবার ভোরে হোদেইদার দক্ষিণাঞ্চলের হায়স জেলায় কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
সামরিক সূত্রের দাবি, সংঘর্ষে হুথি বিদ্রোহীদের পক্ষেও হতাহত হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর নিহত বা আহত সদস্যের সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
২০১৫ সাল থেকে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে দেশটি।
বর্তমানে হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদা। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘর্ষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এলেও বিচ্ছিন্ন সহিংসতা এখনো অব্যাহত রয়েছে।
এরই মধ্যে শুক্রবার হুথিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান মিত্র সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।
হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি আরব একটি ইরানি যাত্রীবাহী বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য পরিচিত ইরান-সমর্থিত জোটের অংশ হিসেবে পরিচিত হুথিরা এ অভিযোগ সামনে আনে।
ইয়েমেন, হুথি, সংঘর্ষ