শনিবার, জুলাই ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র,রেকর্ড ভাঙছে তাপমাত্রা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৩ ১০:২৮:৩৩
ফাইল ছবি

তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে রেকর্ড তাপমাত্রা অনুভূত হওয়ায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। সুইমিং পুলগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে, অন্যদিকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অতিরিক্ত ব্যবহারে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও বেড়েছে চাপ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্বাধীনতা দিবসের ছুটিজুড়ে দেশের বড় বড় শহরে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
মধ্য-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে চলা তাপপ্রবাহ উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ২ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্কে ১০৪ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা কয়েক দশকের পুরোনো রেকর্ড ভেঙেছে।
রাজধানী ওয়াশিংটনেও বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি ১৮৯৮ সালের একই দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা যুক্ত হওয়ায় মানুষের অনুভূত তাপমাত্রা আরও বেড়ে গেছে। জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাস অনুযায়ী, মধ্য-আটলান্টিক অঞ্চলে ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
এমন পরিস্থিতি উদ্বেগ আরও বাড়িয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে খোলা আকাশের নিচে অসংখ্য অনুষ্ঠান এবং বিশ্বকাপ ফুটবলের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে বিশেষ করে দুপুর ও বিকেলের তীব্র গরমের সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বেশি করে পানি পান, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া এবং যাদের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তাদের নিকটস্থ শীতলীকরণ কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্কে অনেকেই সকালে পোষা প্রাণী নিয়ে বাইরে বের হচ্ছেন, কারণ পরে পিচঢালা সড়ক এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা প্রাণীদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
অন্যদিকে ডেলিভারি কর্মী, নির্মাণশ্রমিক ও অন্যান্য বহিরাঙ্গন পেশার মানুষকে প্রচণ্ড গরমের মধ্যেই কাজ চালিয়ে যেতে হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি প্রশাসন শত শত সরকারি ভবনকে ‘কুলিং সেন্টার’ হিসেবে খুলে দিয়েছে। সরকারি সুইমিং পুলের সময়সীমা বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সহায়তায় স্বেচ্ছাসেবক দল মোতায়েনের পাশাপাশি বিভিন্ন স্থানে মিস্টিং ফ্যান ও অস্থায়ী শীতলীকরণ কেন্দ্রও চালু করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, তাপপ্রবাহ, আবহাওয়া


এ জাতীয় আরো খবর