শুক্রবার, জুলাই ৩, ২০২৬

চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ধস,আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ

  • চামেলী আক্তার
  • ২০২৬-০৭-০২ ১৮:৫৫:৩৭
নিজস্ব প্রতিনিধি:- কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল (সড়কটারী) এলাকায় আবারও তিনটি স্থানে ধস এবং একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও সম্ভাব্য বন্যা নিয়ে চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকায় ১০, ১২ ও ৬ মিটার দৈর্ঘ্যের তিনটি অংশে ব্লক পিচিং ধসে গেছে। এছাড়া অন্তত ১২টি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক কিলোমিটার এলাকা এবং বাঁধের ওপর নির্মিত সড়কটি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা প্রকল্পের কাজ ২০১৮ সালে শেষ হলেও এরপর থেকে একাধিকবার ব্লক ধসের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই আতঙ্কে থাকতে হয় এলাকাবাসীকে। কাঁচকোল (সড়কটারী) এলাকার বাসিন্দা খতিব উদ্দিন বলেন, “ডানতীর রক্ষা বাঁধ নির্মাণের পর আমরা নদীভাঙন থেকে কিছুটা রক্ষা পেয়েছিলাম। কিন্তু কয়েক বছর ধরে বারবার ধসের ঘটনায় আমরা আবারও আতঙ্কিত হয়ে পড়েছি। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। বাঁধটি ভেঙে গেলে আমরা সর্বস্ব হারিয়ে আবারও নদীভাঙন ও বন্যার কবলে পড়ব।” স্থানীয় বাসিন্দা মানিক, খালেক, নুরজাহান বেগম ও নুর নাহার বেগম বলেন, “প্রতিবার বর্ষা মৌসুম এলেই আমরা আতঙ্কে থাকি। এবারও বাঁধে ধসের খবর শুনে দিন-রাত উদ্বেগে কাটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।” এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরো খবর