কোলাহল থেমে গেলে জেগে ওঠে প্রেম
নিরবে বয়ে যায় স্বচ্ছ হাওয়া
হর্ণ হুইসেল ছাড়া নিরিবিলি নির্জনতা
আমাকে পূর্ণতা দেয়।
আমার আরাধনায় জেগে মনুষ্য স্বত্তা।
আসসালাতু খাইরুম মিনান্নাউম-
হৃদতন্ত্রীতে এতো জোরে আঘাত করে
আর কোন বাক্য আজো অতো
গভীরে প্রবেশের সুযোগ পায়নি কোনদিন
শেষ রাত্রির ভালোবাসা সে অন্য জোয়ার
তুফান বয়ে যায় পৃথিবীময়।
পাখিরা ডেকে ওঠে, মোরগের কুক্কুরু কু শব্দে
আরো ত্রস্ত হয় প্রেমিক হৃদয়
আচমকা উঠে পবিত্র হতে যে সময়
ব্যয় হয় তা যেন মাইল দুরত্বসম
আরাধনায় মশগুল হতে হতে----
এ এক অন্য প্রেম। ব্যাকুল হৃদয়।।
রোজকার প্রার্থনা শেষে ঝরঝরে হয় প্রেমিক হৃদয়।
সারাক্ষণ মনের মধ্যে বাজতে থাকে
আসসালাতু খাইরুম মিনান্নাউম-