বেলা ডুবে গেল
ডুবে গেল, নাকি পশ্চিমে গাছের সারিতে
তোমাদের বাড়িতে দেখা দিলো
ওখানে মনে হয় এখন সকাল,
সকাল নাকি?
যাবার সময় মোমবাতি রেখে গেছো
কি দিয়ে জ্বালবো বলো!
মনে হয় ভুল করে দিয়াশলাই নিয়ে গেছো,
তারমানে তুমি এ বাড়িতে এসেছিলে,
এসেছিলে নাকি?
সন্ধেয় মোমবাতি ধরাতে হবে
যদি একবার এসে দিয়াশলাই দিয়ে যেতে,
দিতে আসবেই বা কি করে!
বাড়িতে একলা পুরুষ মানুষ
এখন মেয়েরা পুরুষদের বিশ্বাস করে না,
করে না কেনো?