সোমবার, জুন ২৯, ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৮ ২০:১৮:২৪
ছবি: সংগৃহীত।

দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সে লক্ষ্য অর্জনে তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদ নেতা তারেক রহমানের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানান।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন, উত্তর প্লাজায় আলোকচিত্র ধারণ করেন এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।

তারেক রহমান, শিক্ষার্থী, জাতীয় সংসদ


এ জাতীয় আরো খবর