শনিবার, জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৬ ২২:১৫:৩৫
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি ছিল তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশত্যাগের আগে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এ সময় চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং উপস্থিত থেকে তাঁদের শুভযাত্রা কামনা করেন। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী লালগালিচা অতিক্রম করে বিমানে আরোহন করেন।
প্রধানমন্ত্রী গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন। মালয়েশিয়ার কর্মসূচি শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান।
চীন সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, বিনিয়োগ সংক্রান্ত কর্মসূচি এবং দ্বিপক্ষীয় আলোচনা শেষে দেশে ফিরলেন। সফরটি বাংলাদেশ ও চীনের সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তারেক রহমান, চীন সফর, দেশে ফেরা


এ জাতীয় আরো খবর