সোমবার, জুন ২৯, ২০২৬

ইউরোপে তাপপ্রবাহে মৃত ১,৩০০ ছাড়াল,স্বাস্থ্য জরুরি সতর্কতা ডব্লিউএইচওর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৮ ২১:৩৫:০৯
ছবি: সংগৃহীত।

ইউরোপজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ ভয়াবহ রূপ নেওয়ায় গত ২১ জুন থেকে এখন পর্যন্ত অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন প্রাণঘাতী তাপপ্রবাহ এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে।
রোববার জেনেভা থেকে প্রকাশিত তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পূর্ব ইউরোপের দিকে তাপপ্রবাহ বিস্তৃত হওয়ায় কয়েক কোটি মানুষ চরম গরমের মধ্যে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও বাড়ছে চাপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ২১ জুনের পর থেকে তাপমাত্রাজনিত কারণে অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু নথিভুক্ত হয়েছে। তাঁর ভাষ্য, তাপজনিত শারীরিক চাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হলেও ইউরোপের অধিকাংশ বাসা, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনও এমন পরিস্থিতি মোকাবিলার উপযোগী নয়।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু গত বুধবার থেকে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় এক হাজার অতিরিক্ত মৃত্যু ঘটেছে, যার সঙ্গে তীব্র তাপপ্রবাহের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার ইউরোপে অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মুখোমুখি হবেন। বিশেষ করে জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
অন্যদিকে অস্ট্রিয়ার গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমাড্যাশবোর্ডের বিশ্লেষণে দেখা গেছে, তুরস্ক বাদ দিয়ে ইউরোপের প্রায় ৩৮ কোটি ১০ লাখ মানুষ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে অবস্থান করছেন। এই বিশ্লেষণ জার্মান আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং ২০২৫ সালের জনসংখ্যার প্রক্ষেপণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
ডব্লিউএইচওর প্রধান বলেন, বর্তমানে ইউরোপের লাখো মানুষ চরম তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যে শত শত প্রাণহানি ঘটেছে, অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও অতিরিক্ত চাপের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে একসময় দীর্ঘ বিরতিতে দেখা দেওয়া তাপপ্রবাহ এখন প্রায় প্রতি বছরই আঘাত হানছে। ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ, যেখানে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, আগাম প্রস্তুতি এবং স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে কাজ করছে ডব্লিউএইচও। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় ইউরোপের দেশগুলোকে দ্রুত কার্যকর ‘তাপস্বাস্থ্য কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 ইউরোপ,তাপপ্রবাহ,ডব্লিউএইচও


এ জাতীয় আরো খবর