বুধবার, জুন ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতিতে তেলের বাজারে স্বস্তি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৩ ১৭:৩২:২১
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ইতিবাচক দিকে এগোনোর খবরে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে মূল্যহ্রাস অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৭৭ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৭৪ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের প্রধান নজর রয়েছে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কত দ্রুত স্বাভাবিক হয় এবং ওয়াশিংটন-তেহরান আলোচনায় বাস্তব অগ্রগতি কতটা অর্জিত হয় তার ওপর।
এদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ব্যবস্থার আওতায় ইরান মার্কিন ক্রেতাদের কাছেও তেল বিক্রির সুযোগ পাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ চলতি সপ্তাহেই আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের পুনরায় দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও কমে এলে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা জোরালো হবে।

তেলের দাম,ইরান-যুক্তরাষ্ট্র,হরমুজ প্রণালি


এ জাতীয় আরো খবর