বুধবার, জুন ১৭, ২০২৬

আরবি নববর্ষের সূচনায় কাবায় নতুন গিলাফ,লাখো মুসল্লির উপস্থিতিতে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী আয়োজন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-১৬ ১১:২৮:১৯
ছবি: সংগৃহীত।

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মসজিদুল হারামে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নতুন গিলাফ উন্মোচন করা হয়। এ সময় বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হন।
দীর্ঘদিন ধরে হজ মৌসুমে কাবার গিলাফ পরিবর্তনের প্রচলন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আরবি নববর্ষের শুরুতেই এ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও পুরোনো গিলাফ অপসারণ করে নতুন গিলাফ স্থাপন করা হয়েছে।
সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্সে অত্যন্ত যত্ন ও কারিগরি দক্ষতায় নতুন গিলাফটি তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগর প্রায় ১১ মাস ধরে কাজ করে এটি প্রস্তুত করেন।
নতুন গিলাফ নির্মাণে ৪৭ খণ্ড উন্নতমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এতে স্বর্ণ ও রৌপ্যের সূতা দিয়ে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত নান্দনিক ক্যালিগ্রাফিতে অঙ্কিত করা হয়েছে। গিলাফ তৈরিতে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহারের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।
গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতায় সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারাম পরিচালনাসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত প্রক্রিয়া অনুসারে নতুন গিলাফ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অপসারিত পুরোনো গিলাফের বিভিন্ন অংশ সংরক্ষণ করা হবে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী এর কিছু অংশ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি ও গুরুত্বপূর্ণ অতিথিদের স্মারক হিসেবে উপহার দেওয়া হয়।
ইসলামি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক কাবা শরিফের গিলাফ পরিবর্তনের এই আয়োজন প্রতি বছর মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। নতুন হিজরি বছরের সূচনায় এই অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

কী-ওয়ার্ডস:কাবা শরিফ,নতুন গিলাফ,হিজরি নববর্ষ


এ জাতীয় আরো খবর