সোমবার, জুন ১৫, ২০২৬

দর্শনা সীমান্তে ১১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা,বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • ২০২৬-০৬-১৪ ১২:০২:৩২

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক সতর্কতা ও স্থানীয়দের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।
রোববার ভোরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন জয়নগর সীমান্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সীমান্ত সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্তের ৭৭ নম্বর প্রধান পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে কয়েকজন বাংলাভাষী ব্যক্তিকে একত্রিত করে বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তুতি নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে দ্রুত সীমান্তে অবস্থান জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে অবস্থান নেন। পরিস্থিতি অনুকূলে না দেখে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে সরে আসে।
পরে সীমান্তের শূন্যরেখার কাছ থেকে ওই ১১ জনকে সরিয়ে ভারতীয় অংশে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবির কড়া অবস্থানের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কী-শব্দ: দর্শনা সীমান্ত,বিজিবি,বিএসএফ


এ জাতীয় আরো খবর