মহেশখালী,কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মেহেদী হাসান (২৬) নামের এক যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার ধারাবাহিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন।