রবিবার, মে ২৪, ২০২৬

ট্রাম্প নয়,এবার আলোচনায় ‘মহিষ ট্রাম্প’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২৩ ২৩:০৬:১৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের এক খামারের মহিষ ঘিরে শুরু হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের হাস্যরস এবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনায়ও জায়গা করে নিয়েছে। ‘ট্রাম্প মহিষ’ নামে ভাইরাল হওয়া এই মহিষকে নিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান।
শুক্রবার রাশিয়ায় নিযুক্ত ইরানি দূতাবাস তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মহিষটির ছবি পোস্ট করে ব্যঙ্গাত্মক মন্তব্য করে। পোস্টে লেখা হয়,
'বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।'
পোস্টটির সঙ্গে রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিওও যুক্ত করা হয়। সেখানে দেখা যায়, বাংলাদেশের ভাইরাল হওয়া মহিষটিকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়। ইরানি দূতাবাস দাবি করে, অতিরিক্ত কৌতূহল ও প্রচারণার কারণে মহিষটি নাকি খাওয়া-দাওয়া পর্যন্ত কমিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি প্রথমে স্থানীয়ভাবে আলোচনায় আসে। পরে এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলের কারণে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল খুঁজে পান। সেই থেকেই খামার কর্তৃপক্ষ মজা করে নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় বাড়তে থাকে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধুই একনজর দেখতে ছুটে যাচ্ছেন খামারে।
এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও জর্ডানের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ট্রাম্প মহিষ’ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন মাত্রা পায়।
খামার সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়ার আগেই মহিষটি বিক্রি হয়ে গেছে। কেজি দরে কিনে নেওয়া এই মহিষটি আসন্ন ঈদুল আযহায় কোরবানি দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, সাধারণ একটি খামারের মহিষ আন্তর্জাতিক কূটনৈতিক ব্যঙ্গের উপকরণ হয়ে ওঠা বর্তমান ডিজিটাল যুগের এক ব্যতিক্রমী উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল সংস্কৃতি এখন স্থানীয় ঘটনাকেও মুহূর্তেই বৈশ্বিক আলোচনায় নিয়ে যাচ্ছে।

কী-ওয়ার্ড: ট্রাম্প মহিষ,ভাইরাল মহিষ,ইরান ট্রাম্প কটাক্ষ


এ জাতীয় আরো খবর