শুক্রবার, মে ২২, ২০২৬

আলবানিজকে ঘিরে মার্কিন ইউটার্ন জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ওয়াশিংটন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-২১ ২৩:৫৪:৩৮

ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশনার পর বুধবার ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকা থেকে আলবানিজের নাম সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে তার ওপর আরোপিত আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বাধাও উঠে গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে এতদিন তিনি বড় ধরনের ব্যাংকিং সেবা ও ক্রেডিট কার্ড ব্যবহারে সমস্যার মুখে ছিলেন।
ইতালীয় নাগরিক ফ্রান্সেসকা আলবানিজ বর্তমানে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের কঠোর সমালোচনা করে আসছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জেলা জজ রিচার্ড লিওন আলবানিজের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার ওপর প্রাথমিক স্থগিতাদেশ দেন। রায়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা সবসময়ই জনস্বার্থের বিষয়।
এর আগে গত বছরের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। তখন অভিযোগ করা হয়, তিনি প্রকাশ্যে ইহুদিবিদ্বেষ ছড়িয়েছেন, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী অবস্থান নিয়েছেন।
ইসরাইলও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলে। তবে আলবানিজ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম সরব কণ্ঠ ছিলেন আলবানিজ। তিনি দাবি করেছিলেন, ৭ অক্টোবরের হামলায় মানুষ নিহত হয়েছে ইহুদি পরিচয়ের কারণে নয়, বরং ইসরাইলের নীতির ফল হিসেবে।
তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তবে সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যু আবারও আলোচনায় উঠে এসেছে।

কী-ওয়ার্ডস: ফ্রান্সেসকা আলবানিজ,যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা,ফিলিস্তিন ইস্যু


এ জাতীয় আরো খবর