সোমবার, মে ১১, ২০২৬

পনেরো বছরের ঝড় পেরিয়ে কারামুক্ত থাকসিন,থাই রাজনীতিতে নতুন হিসাব

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১১ ১৩:৫৩:৩৪
ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারামুক্ত হয়েছেন। এক বছরের সাজাভোগের মধ্যে দুই-তৃতীয়াংশ সময় পূর্ণ হওয়ায় এবং নির্ধারিত শর্ত মানায় আজ সোমবার সকালে ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক নির্বাসন ও নানা আইনি জটিলতার পর এই মুক্তিকে ঘিরে দেশটির রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন থাকসিন। এ সময় কারাফটকের বাইরে তার পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। লাল পোশাক পরিহিত সমর্থকেরা স্লোগান দিয়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। গাড়িতে ওঠার আগে তিনি পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন এবং সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেখানে উপস্থিত ছিলেন তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
কারাগার ত্যাগের পর জাতীয় সংগীত বাজানো হলে থাকসিন থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান। পরে গাড়িবহর নিয়ে তিনি কারাগার এলাকা ত্যাগ করেন। প্যারোলে মুক্তির পর তাকে সরাসরি রাজধানীর প্রবেশন দপ্তরে নেওয়া হয়। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তার প্যারোলের মেয়াদ কার্যকর থাকবে। এই সময় তাকে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরিধান করতে হবে এবং প্রতি মাসে প্রবেশন দপ্তরে হাজিরা দিতে হবে।
দেশটির আইন অনুযায়ী সাজা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি বিদেশ সফর করতে পারবেন না। এছাড়া রাজকীয় অবমাননার একটি পৃথক মামলাও এখনো তার বিরুদ্ধে ঝুলে আছে। সেই মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। তবে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে তার সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতের অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরে কারাদণ্ড ভোগ শুরু করেন তিনি।

কী-শব্দ: থাইল্যান্ড,প্যারোল,থাকসিন

 


এ জাতীয় আরো খবর