বুধবার, মে ৬, ২০২৬

হাওর অঞ্চল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি-বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • লেখক অমুল্য কুমার বৈদ্য
  • ২০২৬-০৫-০৫ ২২:২৫:২৬

অদ্য সোমবার (০৫ মে ২০২৬ খ্রি.) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চল আমাদের দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই অঞ্চল শুধু জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে, অব্যবস্থাপনা, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, দুর্নীতি, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চল আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারের অবহেলার কারণে হাওরবাসী প্রতিবছর ক্ষতির সম্মুখীন হচ্ছে। 
বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, প্রতি বছর আগাম বন্যা, বাঁধ নির্মাণে অনিয়ম, খনন কার্যক্রমে দুর্বলতা এবং প্রশাসনের গাফিলতির কারণে হাওর অঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট,  মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে অতিবন্যায় সম্প্রতিক মৌসুমের ধান অর্ধেকের বেশি পানিতে তলিয়ে গেছে। কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই খাবারের ধান ঘরে তুলতে পারেনি। ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের খাদ্য উৎপাদনও ব্যাহত হবে এবং গ্রামীণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।  হাওর অঞ্চল রক্ষা করা এখন সময়ের দাবি। সরকারকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুপরিকল্পনা করে হাওর অঞ্চলকে কীভাবে রক্ষা করা যায় তার যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাওর অঞ্চলে হাঁস পালন ও মৎস্য প্রকল্পের মাধ্যমে হাওরবাসীর অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব এবং  হাওর অঞ্চলকে অর্থনৈতিক জোনে রূপান্তর করা যেতে পারে।  প্রয়োজন সরকারের সুপরিকল্পনা ও সুব্যবস্থাপনা। 
আমরা সরকারের নিকট জোরালোভাবে নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করছি:
প্রথমত, হাওর অঞ্চলের টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
দ্বিতীয়ত, হাওর রক্ষা বাঁধ নির্মাণ এবং বাঁধের সাথে গভীর ক্যানেল তৈরি করতে হবে।  
তৃতীয়ত, আগাম বন্যা প্রতিরোধে কার্যকর পূর্বাভাস ব্যবস্থা এবং জরুরি প্রস্তুতি জোরদার করতে হবে।
চতুর্থত, হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পঞ্চমত, ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, হাওর অঞ্চল রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। তাই আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
 

 


এ জাতীয় আরো খবর