মঙ্গলবার, মে ৫, ২০২৬

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ,ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৫-০৪ ২২:৩৬:১৭

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দাপ্তরিক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুয়েট ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেএমপি কমিশনার পুলিশ ফাঁড়ির স্থান চূড়ান্তকরণসহ অতিসত্বর ফাঁড়ির কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েটের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, নিরাপত্তা কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) উপস্থিত ছিলেন। স্থান পরিদর্শন শেষে কুয়েট ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে উপস্থিত সবাই ভাইস-চ্যান্সেলরের বাংলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাতে কুয়েট ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। পরবর্তীতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন এবং কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
 

 


এ জাতীয় আরো খবর