চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলের দুই আরোহি নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার র্শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আলম জিসান(২৭) এবং তাঁর শ্যালক ও নাচোলের মাক্তাপুর (আজিপুর) গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন(১৭)। নিহত জিসান নওগাঁ দুদক কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহত সোগাগ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার(৩মে) সকাল পৌনে ৬টার দিকে নাচোলের বেনিপুর নামক স্থনে নাচোল থেকে ধানসুড়াগামী সড়কে ধানসুড়ার দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৯০০৯) সাথে ধানসুড়াগামী মোটসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহি শালা-দুলাভাই ঘটনাস্থলে আহত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি জব্দ করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোল চন্দ্র দেবনাথ বলেন, জিসান ছুটিতে নাচোলে শ্মশুড়বাড়ি বেড়িয়ে কর্মস্থলে ফিরছিলেন। সোগাগ দুলাভাইকে ধানসুড়া মোড় হয়ে আড্ডা পর্যন্ত এগিয়ে দেয়ার জন্য মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হলে দূর্ঘটনার শিকার হয়ে দুজনই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পারিবহন আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।