শনিবার, মে ২, ২০২৬

যানজট কমাতে ঢাকায়‘শূন্য সিগন্যাল’পরিকল্পনা,সমীক্ষার নির্দেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-০২ ১৮:২৯:১৬

রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে বড় পদক্ষেপ হিসেবে ‘শূন্য সিগন্যাল’ ভিত্তিক নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-কে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর যান চলাচল আধুনিক ও কার্যকর করতে উত্তর-দক্ষিণে ৫টি এবং পূর্ব-পশ্চিমে ৩টি প্রধান সড়ক মিলিয়ে প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় এই মডেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ ৩৭টি মোড়ে ওভারপাস, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ ও ইউলুপ নির্মাণের মাধ্যমে সিগন্যাল ছাড়াই যান চলাচল নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে যানবাহনের গতি বাড়বে এবং সময়ক্ষেপণ কমবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী,একটি কারিগরি উপকমিটি গঠন করে স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশ তৈরি করা হয়েছে, যা পরবর্তী অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমীক্ষা শেষে বাস্তবসম্মত পরিকল্পনা নির্ধারণ করে ধাপে ধাপে এই মডেল বাস্তবায়ন করা হবে। এতে রাজধানীর যানজট পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কী-ওয়ার্ড:যানজট সমাধান, শূন্য সিগন্যাল, ঢাকা ট্রাফিক


এ জাতীয় আরো খবর