চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১মে) দুপুরে তাঁদের আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকনে ৮/১০ জন সন্ত্রাসীর অতর্কিত আক্রমনের শিকার হন ‘আমার দেশ’ পত্রিকা ও ‘চ্যানেল ওয়ান’ এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং ‘মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ। সন্ত্রাসীদের মধ্যে ২/৩ জন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে ও চায়ের ভাঙ্গা কাপ দিয়ে বেধড়ক মারধর করে আহত করে।
সন্ত্রাসীরা চলে যাবার পর দুজনকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ওই রাতেই সদর থানায় হামলার নেতৃত্ব দেয়া স্থানীয় সন্ত্রাসী রাব্বি ও সোহেলের নামোল্লখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক তারেক রহমান।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়,চায়ের দোকানে বসা ও ‘তাকানো’ নিয়ে ঘটনার সূত্রপাত। এ সময় আক্রমনকারীরা নেশাগ্রস্থ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। রাব্বির নামে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি সহ ৯টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
এদিকে সাংবাদিক দু’জনও আচমকাই তাঁদের উপর আক্রমণের কথা জানিয়েছেন।
রাতে ঘটনার পরপরই অন্য সাংবাদিকরা ঘটনাস্থল, হাসপাতাল ও থানা ছুটে যান। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। জেলা জামায়াতও ঘটনার প্রতিবাদ জানিয়েছে।