মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

এসএসসি পরীক্ষায় রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা,কেন্দ্র ঘিরে কঠোর বিধিনিষেধ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-২১ ০৮:৫৬:১৭

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ও চলাচল নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার ১২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নগরীর স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নগরবাসী ও চালকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি স্পষ্ট করেছে, পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে, কারণ এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে, যা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অপ্রয়োজনীয়ভাবে কেন্দ্র সংলগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে, যা ২১ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে।
পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

কী-ওয়ার্ডস: এসএসসি পরীক্ষা,ডিএমপি নির্দেশনা,ট্রাফিক ব্যবস্থা


এ জাতীয় আরো খবর