সৌদি আরবের ঐতিহাসিক জ্ঞানভান্ডারে নতুন সংযোজন হিসেবে প্রায় এক হাজার বছরের পুরোনো একটি দুর্লভ পাণ্ডুলিপি জনসম্মুখে এনেছে King Abdulaziz Public Library। ‘গরিব আল কোরআন’ শিরোনামের এই মূল্যবান পাণ্ডুলিপিটি প্রখ্যাত ভাষাবিদ আবু উবাইদাহ মামার ইবনে আল মুসান্না-এর রচনা।
চতুর্থ হিজরি শতাব্দীর এই পাণ্ডুলিপিতে রয়েছে মোট ২৩টি পৃষ্ঠা, যার আকার ১৭ বাই ২২ সেন্টিমিটার। পুরো লেখাটি সুস্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হলেও সূরার নামগুলো অলঙ্কৃত করা হয়েছে কুফিক লিপিতে, যা এর নান্দনিকতা আরও বাড়িয়েছে। কোরআন বিজ্ঞানের ওপর রচিত এই গুরুত্বপূর্ণ কাজটি এর আগে কখনো প্রকাশিত হয়নি।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, তাদের সংগ্রহে কোরআনের ব্যাখ্যা ও ভাষাতত্ত্বভিত্তিক বহু প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে আবু ইশাক আল জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল দিনওয়ারি-এর গুরুত্বপূর্ণ কাজ যেমন আছে, তেমনি ষষ্ঠ হিজরি শতকে অনুলিপি করা বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে তাবারি-র অংশবিশেষও সংরক্ষিত রয়েছে।
বর্তমানে লাইব্রেরির আর্কাইভে কোরআনের ব্যাখ্যাসংক্রান্ত ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপি রয়েছে। পাশাপাশি তিলাওয়াত, ব্যাকরণ ও ব্যাখ্যা বিষয়ে আরও শত শত প্রাচীন টেক্সট সংরক্ষিত আছে।
কর্তৃপক্ষ জানায়, বিরল পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র ও মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং গবেষকদের জন্য এসব সম্পদ সহজলভ্য করা তাদের অন্যতম লক্ষ্য।
কী-ওয়ার্ডস:
দুর্লভ পাণ্ডুলিপি,গরিব আল কোরআন,সৌদি লাইব্রেরি