রবিবার, অক্টোবর ৪, ২০২৬

২২৮ রানের বিশাল ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-১১ ২৩:৪৩:১৩

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের ম্যাচে ভারতের সঙ্গে পাত্তাই পেল না পাকিস্তান। ৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩২ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয় পাকিস্তান। ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। 
বিশাল জয়ে ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি করেন বিরাট কোহলি (১২২) ও লোকেশ রাহুল (১১১)। আর বল হাতে ৮ ওভারে ২৫ রানে ৫ উইকেট শিকার করেন কুলদীপ যাদব।
রোববার (১০ই সেপ্টেম্বর) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত।
উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ভারত হারায় ২ উইকেট।
৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৫২ বলে ১০টি বাউন্ডারিতে ৫৮ রানে ফেরেন শুভমান গিল। 
১২৩ রানে দুই ওপেনার আউট হওয়ার পর ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এদিন ২৪.১ ওভারে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।
এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে রোববার আর খেলা হয়নি। ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডেতে।
আজ (সোমবার) রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। সাড়ে ৩টার পরিবর্তে খেলা শুরু হয় ৪টা ৪০ মিনিটে।
খেলা শুরুর পর থেকেই ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালাতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ১৯৪ বলে ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারে ৪৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। শুধু তাই নয় এদিন সেঞ্চুরি করার পথেই কোহলি ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
ভারতের দেয়া  ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাবর আজমরা। 
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে আউট হন ওপেনার ইমাম উল হক। তিনি জসপ্রিত বুমরাহর বলে দলীয় ১৭ রানে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। 
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বাবর আজম। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার বিদায়ে ১০.৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
দলীয় ৪৭ রানে শার্দুল ঠাকুরের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। 
দলের চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকে উইকেটের এক প্রান্ত আগলে রাখা ফখর জামান ফেরেন দলীয় ৭৭ রানে। কুলদীপ যাদবের বলে বোল্ড হওয়ার আগে ৫০ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে ফেরেন ফখর। 
দলীয় ২৩.৬ ওভারে কুলদীপ যাদবের দ্বিতীয় শিকারে পরিনত হন আগা সালমান। তিনি ৩২ বলে দুই চারে ২৩ রানে ফেরেন। ১০ বলে ৬ রান করে দলীয় ১১০ রানে কুলদীপ যাদবের তৃতীয় শিকার হন শাদাব খান। কুলদীপের চতুর্থ শিকার হন ইফতেখার আহমেদ। পাকিস্তানের কেউই আর দলকে দাঁড় করাতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ১২৮ রানেই আটকে যায় পাকিস্তান।


এ জাতীয় আরো খবর