রাস্তার ধারে পড়ে থাকা মানুষটা
কোনো পরিসংখ্যান না,কোনো শিরোনাম না-
সে ছিল কারো বাবা,কারো স্বপ্নের ভরসা,
আজ শুধু নিঃশব্দ এক প্রশ্নচিহ্ন।
আমরা পাশ কাটিয়ে যাই,
মোবাইল তুলে ছবি তুলি,
লাইক আর শেয়ারের ভিড়ে
মানবিকতা হারায়,নিঃশ্বাস ফেলে নীরবতা।
এই শহর খুব দ্রুত হাঁটে,
কিন্তু থামে না কারো জন্য,
লাল সিগন্যাল ভাঙা মানুষগুলো
সবুজ জীবনকে লাল করে ফেলে প্রতিদিন।
একটা হেলমেট না পরা মানেই
একটা পরিবারকে ঝুঁকিতে ফেলা,
একটা নিয়ম না মানা মানেই
একটা ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া।
আমরা জানি-
দূষণ বাড়ছে,নদী মরছে,
তবু প্লাস্টিকের ব্যাগে মুড়ে ফেলি
নিজেদের বিবেক।
বৃদ্ধ মা-বাবা জানালার পাশে বসে
অপেক্ষা করে সন্তানের,
আর আমরা ব্যস্ত-
নিজের সফলতার গল্প লিখতে গিয়ে
ভুলে যাই তাদের অপূর্ণ জীবন।
শিশুরা শিখছে-
আমাদের কাছ থেকেই,
আমরা যা করি,
তাই হয়ে ওঠে তাদের আগামী পৃথিবী।
এই সমাজ একা বদলাবে না,
বদলাতে হবে আমাদের-
একটু থামা,একটু ভাবা,
একটু দায়িত্ব নেওয়া।
কারণ-
অপরাধ শুধু যারা করে,তারা না,
যারা দেখে চুপ থাকে,
তারাও সমান অংশীদার।
আজ যদি না জাগি,
কাল আর সময় থাকবে না-
তাই বলছি,
নিজেকে বদলাও,
তবেই বদলাবে এই সমাজ।
আমরা সবাই দায়ী-
কিন্তু চাইলে
আমরাই হতে পারি পরিবর্তনের শুরু।