দেশের স্বর্ণবাজারে অবশেষে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। টানা চার দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (৬ এপ্রিল) সকালে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এই নতুন দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী,২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও এসেছে মূল্যহ্রাস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বাড়ানো হলেও ২১ দফা কমানো হয়েছে, যা বাজারের অস্থিরতার ইঙ্গিত দেয়।
কী-ওয়ার্ডস: স্বর্ণের দাম কমেছে,বাজুস ঘোষণা,বাংলাদেশ স্বর্ণবাজার