মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জেট ফুয়েলের দামে বড় উল্লম্ফন,এক মাসেই দ্বিতীয়বার বৃদ্ধি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৪ ২১:৪১:৪১
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশের উড়োজাহাজ খাতে বড় ধাক্কা লেগেছে। জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে অস্থিরতার মধ্যে দেশে জেট ফুয়েলের দাম এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে। এবার দাম বাড়ানো হয়েছে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত, যা বিমান পরিবহন খাতে নতুন চাপ তৈরি করবে।
মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি সভা শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা করা হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বেড়ে ১.৩২১৬ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণেই এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে। বৈশ্বিক বাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা সরাসরি দেশের জ্বালানি খাতে প্রভাব ফেলছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব যাত্রী ভাড়াতেও পড়তে পারে, যা সাধারণ মানুষের ভ্রমণ ব্যয়ে অতিরিক্ত চাপ তৈরি করবে।
জরুরি সভায় পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-সহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ড: জেট ফুয়েল দাম, বিমান ভাড়া, জ্বালানি সংকট

 


এ জাতীয় আরো খবর