সোমবার, মে ২৫, ২০২৬

ইরাকে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ বিমানের ছয় ক্রুর পরিচয় প্রকাশ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১৫ ১২:১০:২১
ছবি: সংগৃহীত।

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন জ্বালানি সরবরাহকারী সামরিক বিমানের ছয় ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি।
শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, গত বৃহস্পতিবার ইরাক-এর পশ্চিমাঞ্চলে কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানটি আকাশে বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হন। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতরা হলেন জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) এবং টাইলার সিমন্স (২৮)। তারা সবাই বিমানটির ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন।
নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য বলে জানিয়েছে পেন্টাগন।
দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ঘটনাটি শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।
অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে। একই অভিযানে তারা আরেকটি বিমানকেও লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে, যদিও সেটি শেষ পর্যন্ত নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এই জোটটি ইরাকসহ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর প্রায় প্রতিদিন হামলা চালানোর দাবি করে আসছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের হারানো অন্তত চতুর্থ সামরিক বিমান বলে উল্লেখ করা হয়েছে। এর আগে F-15E Strike Eagle যুদ্ধবিমান তিনটি ভুলবশত মিত্রবাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছিল। তবে ওই ঘটনায় ছয়জন ক্রু সদস্যই ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, কেসি-১৩৫ ধরনের বিমান প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। সাধারণত এসব বিমানে তিন সদস্যের একটি ক্রু দল থাকে-একজন পাইলট, একজন কো-পাইলট এবং একজন বুম অপারেটর, যিনি আকাশে অন্য বিমানে জ্বালানি সরবরাহের দায়িত্ব পালন করেন। কিছু মিশনে অতিরিক্ত নেভিগেটরও রাখা হয় এবং এই বিমান সর্বোচ্চ ৩৭ জন যাত্রী বহন করতে সক্ষম।

কী-ওয়ার্ডঃকেসি ১৩৫ বিমান দুর্ঘটনা,ইরাক মার্কিন সামরিক বিমান,পেন্টাগন ক্রু পরিচয়


এ জাতীয় আরো খবর