সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

সা ঈ দা আ জি জ চৌ ধু রী

  • সেনোরিটা
  • ২০২৬-০৩-১৪ ১৫:১৩:২৯

হৃদয়ের আর্কাইভে চোখ রাখ সেনোরিটা
অতলে বাস করে তোমারই প্রিয় মুখটা
হৃদয়ের দেয়ালে দেয়ালে দেখ প্রিয়তমা
উড়তে থাকা সাদা মেঘ,জলের ভেতর প্যানোরমা।

জোৎস্না ঝরা রক্তকরবীর নির্যাস করেছি পান
তপস্যায় জ্বলে রাতের শিখা অসীম অনিবার
জ্বালা মেটাতে শিশিরের হাত ধরে থাকা রাতভর
পাথর চোখ জাগে,শিরীষ বনে জ্যোৎস্নার স্নান। 

জ্বলতে থাকা ফুজিয়ামার লাভা,তুমি নিষ্প্রাণ
মৃত নদীর মত বয়ে যাই,অন্তর্বৃক্ষে হাওয়া প্রবল
এই পৃথিবীর কোণে কোণে ইট পাথর ধূলিকণায়
প্রিয় মানুষের কোলাহল,বৃক্ষ ও পাখিদের গান। 

সমুদ্র-কল্লোলে ঝিরিঝিরি বাতাসে কত প্রিয়জন
বসন্তের রঙমাখা উৎসবে নিভু নিভু প্রেমের লণ্ঠন 
ফুলেল বৈচিত্র্য সংলাপে সুগন্ধির অন্তিম রেশটুকু
সেনোরিটা,নিসর্গ-নির্জনে আমিও যে আত্মহীন। 

মানুষের কৃত্রিম উচ্চারণ,পাথরের অট্টহাসি দেয়ালে
কাঠের পুতুল,পিরামিডের মমি নও তুমি সেনোরিটা
হৃদয়ে এখনও বকুল ঝরে শুকনো পাতা ঝরার দিনে
পাথরে ফোটাতে পারি ফুল যদি আসো এক বিকেলে। 

চাঁদের আলো গায়ে জড়িয়ে অন্য পৃথিবী একটা
আর একটি উদারচিত্ত শঙ্খনীল স্নিগ্ধ আকাশ 
নগরীর কোলাহল শেষে নিভৃতে কোথাও বুনোহাঁস
ভেসে বেড়াই তরুণ মেঘে,সাথে থাকো সেনোরিটা।


এ জাতীয় আরো খবর