রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মো বা র ক হো সে ন

  • আমার চেতনায়-
  • ২০২৬-০৩-১১ ১১:০২:৫৩

শুধুই, আমি কী আমি !
একটা সাদামাটা মানুষের
প্রশান্ত শরীর ? 
শুধুই, আমি কী আমি 
বুঝেও না বোঝা,
শুনেও না শোনা,
একটা পুরোদস্তর বেখেয়ালি বধির ? 

শুধুই, আমি কী আমি 
আনন্দ- বেদনায় 
নির্লিপ্ত অজয়ী, 
মাটির মতো নীরব-গভীর উদ্ভাবক।
শুধুই, আমি কী আমি 
হৃদ্যতায় সাবলীল, 
একান্ত সহজ সরল নম্র বিনয়ী
সবার প্রতি প্রেম-প্রীতির নিয়ামক ? 

তা নয়, তা নয়,
আমারও জ্বালা আছে,
আমারও মালা আছে,
আমারও উপলব্ধির দোর গোড়ায় 
যন্ত্রণার পাড়া আছে।

আলো আছে, কালো আছে,
মোহ আছে, দ্রোহ আছে,
আমিও আকাশ দেখি,
দেখি বাতাস, দেখি দেশ,
ভালো-মন্দের পরিবেশ;
আমারও দেশের প্রতি 
আছে ভালোবাসা অনিঃশেষ। 

বিদ্রোহের দাবানলে আমাকেও
পুড়তে হয় অন্তরে বাহিরে,
যে আগ্নেয়গিরির- অগ্ন্যুৎপাত ঘটে,
দেখায় কী করে তার ছবিরে
ফুলের মতো কবিতা শব্দই শুধু নয়
বুলেটের বারুদও ছোটে আমার
সীমাহীন নিশ্বাসে,
আমার একান্ত মানবিক বিশ্বাসে।

আমি চাঁদের মতো কেবলই 
জোছনা ছড়াতেই ভালোবাসি এমন নয়,
বৈশাখের খরতাপও আমার পাঁজরে জমা হয়।
সময়ের আখরে কখনও কখনও তা
জেগে ওঠে-
কখনও জাগাতে পারে না আমার 
অফুরান স্বপ্নের বিস্ময়কর চেতনা।


এ জাতীয় আরো খবর